EN ☀️
×

Follow Us

খেলা

তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

বিসিবি পরিচালকের আচরণবিধি নিয়ে প্রশ্ন, ক্ষমা চাওয়ার দাবি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

ছবি: সংগৃহীত

অ অ

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বোর্ড পরিচালকদের আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটো কার্ড ফেইসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু- চোখ ভরে দেখলো।’

তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান।

ক্রিকেটারদের সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি পরিচালকের ওই মন্তব্য দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানসূচক।

‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।’

‘শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।’

কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

‘আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে।’

‘বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’

আরও পড়ুন