পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
সাত বছর পর পিএসএলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের মাথায় নতুন গন্তব্য খুঁজে পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে স্কোয়াড থেকে বাদ দিলেও, তাকে স্বাগত জানাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ১১তম আসরের জন্য মুস্তাফিজ আনুষ্ঠানিকভাবে নিজের নাম নিবন্ধন করেছেন।
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির চড়া মূল্যে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনা দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের শীতলতা আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলছে, যা ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। ড্রাফটের এই তালিকায় মুস্তাফিজসহ এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
৮ দল নিয়ে আয়োজিত এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। এদিকে ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর। সূচির এই মিল কাকতালীয় হলেও, মুস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের গল্প। গেল আসলে মুস্তাফিজ দল না পেলেও এবারের আসরে বেশ সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের জন্য পিএসএল হতে যাচ্ছে নতুন পরিচয়ের মঞ্চ।