প্রথম ইনিংস
মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, যিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট (ফাইফার)।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
মুশফিকুর রহিমের ঐতিহাসিক শতক এবং লিটন দাসের দাপুটে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৭৬ রান। আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, যিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট (ফাইফার)।
দ্বিতীয় দিনের শুরুটা ছিল মুশফিকুর রহিমের জন্য বিশেষ। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ব্যাটার দিনের শুরুতেই নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। ১০৬ রানে হাম্প্রেসের বলে আউট হওয়ার আগে তিনি গড়েন ইতিহাস। মুশফিকের বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে তার ১০৮ রানের জুটি। ৩১০ রানে ৫ম উইকেট হারায় বাংলাদেশ।
তবে মুশফিক ফিরলেও থামেননি লিটন দাস। দারুণ আস্থায় খেলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ১৩৩ রানের বড় জুটি। ১২৮ রানের ঝকঝকে ইনিংস খেলে গ্যাভিন হোয়ের বলে স্লিপে পল স্টার্লিংয়ের হাতে ধরা পড়েন লিটন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
লিটনের সঙ্গে দারুণ সঙ্গ দিলেও ফিফটি মিস করার আক্ষেপে পুড়তে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ব্যক্তিগত ৪৭ রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। মাত্র ৪ বলের ব্যবধানে মিরাজ ও লিটন উভয়েই গ্যাভিন হোয়ের শিকারে পরিণত হলে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। ৪৩৩ রানে ৭ উইকেট হারানো দলের হাল ধরতে আসা তাইজুল ইসলামও (৪) দ্রুত বোল্ড হয়ে যান।
আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন বাংলাদেশের ব্যাটিং লাইপআপে মূল ধস নামান। তিনি একাই ৫ উইকেট শিকার করেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছিল। সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয়ের (৩৪) ৫২ রানের উদ্বোধনী জুটির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮) দ্রুত ফিরলে চাপে পড়েছিল দল। তবে মুমিনুল হকের ৬৩ এবং মুশফিক-লিটনের দৃঢ়তায় সেই চাপ সামাল দেয় স্বাগতিকরা।