২২ বছর পর
ভারতকে হারানোয় জাতীয় ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
এই জয়টি ২২ বছর পর ভারতের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এই তথ্য জানানো হয়।
ড. মুহাম্মদ ইউনূস এই জয়কে কেবল একটি ফুটবল ম্যাচের জয় হিসেবে নয়, বরং জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি লাখ লাখ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা।
প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।
ড. ইউনূস তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনের সরকারগুলোও এই ধারা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।