স্বাস্থ্যখাতের সংকট, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা চাইলেন জুলকারনাইন সায়ের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:০৩ পিএম
দেশের স্বাস্থ্যখাতে সাম্প্রতিক সংকট এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১১ মে) বিকেলে জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, দেশে হামের প্রাদুর্ভাবে ৪ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ড. ইউনূসের স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা আয়োজনের বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে সরকারের নীতি, সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে আরও স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন। শিশু মৃত্যুর মতো গুরুতর ঘটনায় প্রত্যাশিত মাত্রায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।
জুলকারনাইন সায়েরের ভাষ্য, জনস্বাস্থ্য সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যখাতের সংকট মোকাবিলায় দায়িত্বশীল মহলের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নাগরিকদের সচেতনতা ও জবাবদিহির দাবি আরও জোরালো হওয়া প্রয়োজন। তার মতে, জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।