বিপদ-আপদে ধৈর্য ধরলে মুমিনের জন্য খুলে যায় কল্যাণের দুয়ার
ধর্ম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ এএম
ছবি: প্রতীকী
বিপদ-আপদ সব সময় মানুষের জীবনে ধ্বংস বা অকল্যাণ বয়ে আনে না। কখনো কখনো বিপদই বড় সফলতার পথ খুলে দেয়। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারলে সেই বিপদ মুমিনের জন্য কল্যাণের কারণ হয়ে ওঠে। এমনকি বিপদ-আপদের মাধ্যমে বান্দার গুনাহও মাফ করে দেন মহান আল্লাহ।
ইউসুফ (আ.)-এর জীবনের ঘটনাগুলো এর অন্যতম উদাহরণ। তাঁর জীবনে একের পর এক বিপদ এলেও সময়ের ব্যবধানে সেসব বিপদই তাঁকে রাজত্বের অধিকারী হওয়ার পথে এগিয়ে দিয়েছিল। একইভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে কুরাইশদের নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা শেষ পর্যন্ত মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করেছিল।
মূলত বিপদ-আপদ মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫)
এ আয়াত থেকে বোঝা যায়, দুনিয়ার জীবন পরীক্ষা ও ধৈর্যের জায়গা। কখনো রাত, কখনো দিন; কখনো কান্না, কখনো হাসি—এভাবেই অতিবাহিত হয় মানুষের জীবন। তাই বিপদে পড়লে সেটিকে অপ্রত্যাশিত মনে না করে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা উচিত।
বিপদও হতে পারে মুমিনের জন্য কল্যাণ
বিপদে ধৈর্য ধারণ করলে তা মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। অন্যদিকে বিপদে আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেললে সেই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের অবস্থা বিস্ময়কর। তার সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ-শান্তি লাভ করলে শোকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ-মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে। প্রতিটিই তার জন্য কল্যাণকর।’ (সহিহ মুসলিম, হাদিস: ৭৩৯০)
অর্থাৎ মুমিনের জীবনে সুখ-দুঃখ উভয় অবস্থাই কল্যাণের সুযোগ তৈরি করে। সুখের সময় কৃতজ্ঞতা এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করাই মুমিনের বৈশিষ্ট্য।
নবী-রাসুলদের জীবনেও ছিল কঠিন পরীক্ষা
বিপদে পড়ার অর্থ এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তি মহান আল্লাহর অপ্রিয়। বরং আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেন। তাঁদের মর্যাদা ও প্রতিদান যেমন বেশি, পরীক্ষাও তেমন কঠিন হতে পারে।
আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (সা.)-এর কাছে গিয়ে দেখলেন, তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তাঁর শরীরের ওপর হাত রাখতেই চাদরের ওপর থেকে প্রচণ্ড তাপ অনুভব করলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসুল! আপনার জ্বর কত তীব্র!
জবাবে নবী (সা.) বলেন, ‘আমাদের (নবী-রাসুলদের) অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয়।’
এরপর সর্বাধিক কঠিন বিপদ কার ওপর আসে জানতে চাইলে তিনি বলেন, ‘নবীদের ওপর। তারপর নেককার বান্দাদের ওপর।’ (ইবনে মাজাহ, হাদিস: ৪০২৪)
বিপদে গুনাহ মাফ করেন মহান আল্লাহ
বিপদ-আপদ মানুষের গুনাহ মাফেরও কারণ হতে পারে। বান্দা বিপদে পড়লে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে দেন। এমনকি ছোটখাটো কষ্টও মুমিনের গুনাহ মাফের মাধ্যম হতে পারে।
আবু সাঈদ খুদরি (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪২)
অন্যের ক্ষতি করলে তার পরিণতিও ভোগ করতে হয়
অনেক সময় শত্রুদের অপপ্রচার বা ষড়যন্ত্রের কারণে মানুষ নানা বিপদ ও প্রতিকূলতার মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতেও হতাশ না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখা এবং সত্যের পথে অবিচল থাকা উচিত।
আবু সিরমা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অন্য কারও ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।’ (জামে তিরমিজি, হাদিস: ১৯৪০)
তাই বিপদ-আপদে ভেঙে না পড়ে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা, তাঁর সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা প্রত্যেক মুমিনের কর্তব্য। আল্লাহর রহমতে কঠিন সময়ও একদিন সহজ হয়ে আসতে পারে। বিপদই হয়ে উঠতে পারে গুনাহ মাফ, আত্মশুদ্ধি ও উত্তম প্রতিদান লাভের মাধ্যম।