EN ☀️
×

Follow Us

ধর্ম

আদর্শ আলেমের ১০টি বিশেষ বৈশিষ্ট্য

ধর্ম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

আদর্শ আলেমের ১০টি বিশেষ বৈশিষ্ট্য

প্রকৃত আলেমের সবচেয়ে বড় পরিচয় হলো তাঁর হৃদয়ে সর্বদা মহান আল্লাহর ভয় বা জাগ্রত থাকে।

অ অ

মুসলিম উম্মাহর আধ্যাত্মিক পথপ্রদর্শক ও নৈতিক নেতৃত্বের আসনে অধিষ্ঠিত রয়েছেন আলেম সমাজ। শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর তাঁরাই ঐশী বাণী ও নববী জ্ঞানের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে দ্বীনের মশাল বহন করে চলেছেন।

পবিত্র কোরআন ও হাদিসে আলেমদের অসামান্য মর্যাদা দেওয়া হয়েছে; রাসুলুল্লাহ (সা.) ইবাদতকারীদের ওপর আলেমদের শ্রেষ্ঠত্বকে পূর্ণিমার রাতে অগণিত তারকার ওপর চাঁদের উজ্জ্বলতার সঙ্গে তুলনা করেছেন (সুনানে আবু দাউদ: ৩৬৪১)।

তবে এই আকাশচুম্বী মর্যাদা শর্তহীন নয়। কেবল সেই আলেমরাই এই সম্মানের হকদার, যাঁরা নিজেদের জীবনে প্রকৃত ‘হক্কানি’ বা আল্লাহভীরু আলেমের গুণাবলি ধারণ করতে পারেন। পূর্বসূরি মনীষীদের বর্ণনা থেকে একজন আদর্শ আলেমের প্রধান ১০টি বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো:

অন্তরে আল্লাহর ভয় (তাকওয়া)

প্রকৃত আলেমের সবচেয়ে বড় পরিচয় হলো তাঁর হৃদয়ে সর্বদা মহান আল্লাহর ভয় বা  জাগ্রত থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে প্রকৃতপক্ষে আলেমরাই তাঁকে যথাযথভাবে ভয় করে।’ (সুরা ফাতির: ২৮)

বিশুদ্ধ জ্ঞানের অনুসন্ধান ও সংরক্ষণ

একজন আদর্শ আলেম সর্বদা নির্ভরযোগ্য ও বিশুদ্ধ উৎস থেকে জ্ঞান আহরণ করেন এবং নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রচার করেন না। সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর মতে, কোনো বিষয়ে জানা না থাকলে নির্দ্বিধায় ‘আমি জানি না’ বলাটাই প্রকৃত জ্ঞানের পরিচয় (সহিহ বুখারি: ৪৭৭৪)।

সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ

নবীজি (সা.)-এর আদর্শ ও সুন্নতের আলোকে নিজের জীবন সাজানো হক্কানি আলেমদের অন্যতম বৈশিষ্ট্য। কেননা আল্লাহ ও পরকালের প্রত্যাশীদের জন্য রাসুল (সা.)-এর জীবনকেই সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে (সুরা আহজাব: ২১)।

নিখাদ ইখলাস বা আন্তরিকতা

একজন সত্যিকার আলেমের প্রতিটি কথা ও কাজের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। লোকদেখানো আমল, পণ্ডিতদের সঙ্গে গর্ব করা কিংবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জ্ঞানার্জনকারীকে হাদিসে কঠিন শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে (জামে তিরমিজি: ২৬৫৪)।

অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা

নিজের ইলম অনুযায়ী জীবন পরিচালনা করা অপরিহার্য। যে আলেম মানুষকে ভালো কাজের উপদেশ দেন কিন্তু নিজে তা পালন করেন না, পরকালে জাহান্নামের ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়ে তাঁকে চরম লজ্জায় পড়তে হবে (মিশকাতুল মাসাবিহ: ৫১৩৯)।

সত্যের পথে অবিচল থাকা

যেকোনো পরিস্থিতিতে সত্য গ্রহণ করতে এবং তার ওপর অটল থাকতে আলেমরা কখনো দ্বিধাগ্রস্ত হন না। কারণ সত্য কেবল মহান প্রতিপালকের পক্ষ থেকেই আসে এবং এ বিষয়ে সংশয়বাদী হওয়ার কোনো সুযোগ নেই (সুরা আলে ইমরান: ৬০)।

অনুপম চরিত্র ও নৈতিকতা

উত্তম আচরণ ও সচ্চরিত্রের মাধ্যমে আলেমরা সমাজের জন্য জীবন্ত আদর্শ হয়ে ওঠেন। নবীজি (সা.) স্পষ্ট ঘোষণা করেছেন, চরিত্রের দিক থেকে যে ব্যক্তি সর্বোত্তম, সেই তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ (সহিহ বুখারি: ৩৫৫৯)।

কোমলতা ও সহনশীলতা

মানুষকে দ্বীনের পথে আকৃষ্ট করতে হলে আলেমদের অবশ্যই ধৈর্যশীল ও কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, কর্কশভাষী ও কঠোর হৃদয়ের অধিকারী হলে মানুষ চারপাশ থেকে দূরে সরে যায় (সুরা আলে ইমরান: ১৫৯)।

সত্য প্রকাশে নির্ভীকতা

প্রতিকূল পরিবেশেও আলেমরা সত্য উচ্চারণে ভীত হন না এবং কোনো স্বার্থের বশবর্তী হয়ে সত্য গোপন করেন না। হাদিসে এসেছে, জ্ঞাত কোনো বিষয়ে জিজ্ঞাসিত হওয়ার পর কেউ তা গোপন করলে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে (সুনানে আবু দাউদ: ৩৬৫৮)।

মানবকল্যাণ ও আত্মশুদ্ধিতে নিবেদিত থাকা

আলেমদের মূল মিশন হলো মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ দেখানো। ইমাম গাজ্জালি (রহ.)-এর মতে, নবুয়তের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ দায়িত্ব হলো মানুষকে জ্ঞান দান করা এবং তাদের আত্মাকে নিন্দনীয় স্বভাব থেকে পরিশুদ্ধ করে প্রশংসনীয় চরিত্রের দিকে পরিচালিত করা (ইহইয়াউ উলুমুদ্দিন)।

মহান আল্লাহ আমাদের আলেম সমাজকে এবং সমগ্র মুসলিম উম্মাহকে এই মহৎ গুণাবলি অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুন