পবিত্র কুরআনে বর্ণিত মানুষের মর্যাদার ১০টি দিক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ইসলামের দৃষ্টিতে মানুষ কোনো তুচ্ছ বা মূল্যহীন প্রাণী নয়। বরং সে মহান আল্লাহর এক অত্যন্ত সম্মানিত সৃষ্টি। পৃথিবী আবাদ করা এবং আল্লাহর ইবাদত পালনের উপযোগী করে তিনি মানুষকে অনন্য মর্যাদা ও বিশেষ যোগ্যতা দান করেছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)
সর্বোত্তম অবয়বে সৃষ্টি
আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর, সুঠাম ও ভারসাম্যপূর্ণ শারীরিক গঠনে সৃষ্টি করেছেন। সেই সঙ্গে জ্ঞান, বিবেক ও উপলব্ধি শক্তি দিয়ে তাকে অন্যান্য সৃষ্টির মাঝে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে।’ (সুরা আত-তিন, আয়াত : ৪)
রুহ সঞ্চার ও ফেরেশতাদের সিজদা
আদি পিতা আদম (আ.)-কে সৃষ্টি করার পর আল্লাহ তাঁর ভেতরে নিজ পক্ষ থেকে রুহ ফুঁকে দেন এবং ফেরেশতাদের তাঁকে সিজদা করার নির্দেশ দেন। এটি ছিল মানবজাতির প্রতি এক বিরল সম্মানের বহিঃপ্রকাশ।
আল্লাহ বলেন, ‘অতঃপর যখন আমি তাকে পূর্ণাঙ্গভাবে গঠন করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেয়ো।’ (সুরা আল-হিজর, আয়াত : ২৯)
বিবেক, বুদ্ধি ও জ্ঞানের নিয়ামত
ভালো-মন্দ, সত্য-মিথ্যা এবং উপকারী ও ক্ষতিকর বিষয়গুলো বোঝার জন্য আল্লাহ মানুষকে বিবেক ও বুদ্ধি দিয়েছেন। এই বিবেকের কারণেই মানুষ শরিয়তের বিধান পালনের দায়িত্বপ্রাপ্ত হয়; বুদ্ধি লোপ পেলে এই দায়িত্বও রহিত হয়ে যায়। (সুরা বাকারাহ : ২৮৬; আবু দাউদ : ৪৪০৩)।
সর্বপ্রথম আদমকে (আ.) সব বস্তুর নাম শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষকে জ্ঞানের মর্যাদায় ভূষিত করেন। (সুরা আল-বাকারাহ, আয়াত : ৩১)
কথা বলা ও ভাব প্রকাশের যোগ্যতা
মানুষ যাতে নিজের চিন্তা-ভাবনা অন্যের কাছে পৌঁছে দিতে পারে এবং জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে পারে, সেজন্য আল্লাহ তাকে কথা বলা, লেখা ও মনের ভাব প্রকাশের অসাধারণ ক্ষমতা দিয়েছেন।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘পরম করুণাময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।’ (সুরা আর-রহমান, আয়াত : ১-৪)
সমগ্র বিশ্বজগৎ মানুষের কল্যাণে নিয়োজিত
মানুষের সহজ জীবনযাপন ও প্রয়োজন মেটানোর জন্য আসমান ও জমিনের অসংখ্য সৃষ্টি—যেমন সূর্য, চন্দ্র, রাত-দিন, নদী-সমুদ্র, পাহাড় ও পশুপাখিকে মানুষের অনুগত ও কল্যাণে নিয়োজিত রাখা হয়েছে।
আল্লাহ বলেন, ‘আর তিনি নিজ অনুগ্রহে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।’ (সুরা আল-জাসিয়া, আয়াত : ১৩)
অন্যান্য সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব
জ্ঞান, বিবেক, উপলব্ধি ও ইচ্ছাশক্তির মতো বিশেষ যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে তাঁর বহু সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমি তাদের আমার বহু সৃষ্টির ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)
হেদায়েতের জন্য নবী-রাসুল ও কিতাব প্রেরণ
মানুষকে সৃষ্টি করে আল্লাহ উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি; বরং সঠিক পথের দিশা দিতে যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব নাজিল করেছেন।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করেছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।’ (সুরা হাদিদ, আয়াত : ২৫)
পোশাক ও শালীনতার বিধান
মানুষের সৌন্দর্য, শালীনতা ও মর্যাদা রক্ষার জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছেন এবং তার স্বভাবে লজ্জাশীলতা দিয়েছেন। নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম ও হাওয়া (আ.)-এর লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়লে তাঁরা সঙ্গে সঙ্গে জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করেছিলেন।
কোরআনে এসেছে, ‘আর তারা উভয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল।’ (সুরা আরাফ, আয়াত : ২২)
মৃত্যুর পরও সম্মান ও সুরক্ষা
মানুষের মর্যাদা কেবল জীবিত অবস্থাতেই সীমাবদ্ধ নয়, মৃত্যুর পরও তা অক্ষুণ্ন থাকে। তাই মৃতদেহের প্রতি সম্মান দেখিয়ে সযত্নে কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করা এবং কবরস্থানের পবিত্রতা রক্ষা করা জীবিতদের অবশ্যকর্তব্য।
আল্লাহ বলেন, ‘তিনি তাকে (মানুষকে) মৃত করেন এবং কবরস্থ করেন।’ (সুরা আবাসা, আয়াত : ২১)
চিরস্থায়ী জান্নাত লাভের যোগ্যতা
আল্লাহ মানুষকে এমন মর্যাদাবান করে সৃষ্টি করেছেন যে, ঈমান ও নেক আমলের মাধ্যমে সে চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত এবং আল্লাহর দিদার লাভের সৌভাগ্য অর্জন করতে পারে।
কোরআনে ঘোষিত হয়েছে, ‘নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৭)
পরিশেষে বলা যায়, ঈমান, নেক আমল ও তাওবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ লাভই মানবজীবনের সবচেয়ে বড় সম্মান ও পরম সৌভাগ্য।