EN ☀️
×

Follow Us

ধর্ম

মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পেতে থাকেন মুমিন

ডেইলি সান, ধর্ম ডেস্ব

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পেতে থাকেন মুমিন

ছবি: সংগৃহীত

অ অ

মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়ার জীবনের অবসান ঘটে। বন্ধ হয়ে যায় তার আমল করার সুযোগ। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী, এমন কিছু নেক আমল রয়েছে, যেগুলোর সওয়াব মানুষের মৃত্যুর পরও তার আমলনামায় যোগ হতে থাকে। জীবদ্দশায় রেখে যাওয়া এসব কল্যাণকর কাজের সুফল ভোগ করেন মৃত ব্যক্তি।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো মানুষ মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। সেগুলো হলো—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪১১৫)

সদকায়ে জারিয়ার বিস্তৃত পরিধি

সদকায়ে জারিয়া বা প্রবহমান দান এমন একটি কল্যাণকর কাজ, যার উপকারিতা মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। বিভিন্ন হাদিসে এ ধরনের আমলের আরও কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার সাতটি আমলের সওয়াব অব্যাহত থাকে। সেগুলো হলো—দ্বিনি জ্ঞান শিক্ষা দেওয়া, নদী-নালা প্রবাহিত করা, কূপ খনন করা, ফলবান বৃক্ষ রোপণ করা, মসজিদ নির্মাণ করা, এমন সন্তান রেখে যাওয়া, যে তার মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং কোরআন বিতরণ করা বা কোরআনের উত্তরাধিকার রেখে যাওয়া।’ (সহিহুল জামে, হাদিস : ৩৬০২)

অর্থাৎ মানুষের কল্যাণে করা এমন কাজ, যা দীর্ঘদিন উপকার বয়ে আনে, তা মৃত্যুর পরও সওয়াবের কারণ হতে পারে। যেমন—মানুষের পানির কষ্ট দূর করতে কূপ খনন, মসজিদ নির্মাণ, ফলবান গাছ লাগানো কিংবা দ্বিনি শিক্ষা ছড়িয়ে দেওয়া।

আরও যেসব আমলের সওয়াব অব্যাহত থাকে

অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) চার ধরনের আমলের কথা উল্লেখ করেছেন, যেগুলোর সওয়াব মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। সেগুলো হলো—

১. আল্লাহর পথে সীমান্ত পাহারা দেওয়া।

২. এমন সুন্নাহ বা নেক আমল চালু করা, যা অন্যরাও অনুসরণ করে।

৩. এমন দান করা, যা স্থায়ীভাবে মানুষের উপকারে আসে।

৪. নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া করে।

(মুসনাদে আহমাদ, হাদিস : ২২)

মৃত ব্যক্তির পক্ষ থেকে যেসব আমল করা যায়

মৃত ব্যক্তির জন্য জীবিত স্বজনদেরও কিছু কল্যাণকর কাজ করার সুযোগ রয়েছে। প্রখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ (রহ.) বলেন, ‘মৃত ব্যক্তির পক্ষ থেকে চারটি কাজ করা যায়—গোলাম আজাদ করা (যদি থাকে), দান-সদকা করা, হজ করা এবং ওমরাহ করা।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদিস : ১২০৮৫)

এ ছাড়া নেক সন্তান দোয়া না করলেও তার সৎকর্মের সওয়াব পিতা-মাতা পেতে পারেন বলে একদল আলেম উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় মত দিয়েছেন। (আহকামুল জানায়েজ, ১/৭৬)

জীবন থাকতে নেক আমলের প্রস্তুতি

ইসলামের এসব শিক্ষা থেকে বোঝা যায়, মানুষের জীবন কেবল নিজের জন্য নয়; বরং এমন কিছু কল্যাণকর কাজ রেখে যাওয়া উচিত, যা তার মৃত্যুর পরও মানুষের উপকারে আসে। উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া, মানুষের পানির ব্যবস্থা করা, মসজিদ নির্মাণে সহযোগিতা, ফলবান গাছ লাগানো এবং নেক সন্তান গড়ে তোলার মতো কাজ পরকালের পাথেয় হতে পারে।

তাই দুনিয়ার জীবনে এমন নেক আমলের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, যার সুফল মৃত্যুর পরও অব্যাহত থাকে।

আরও পড়ুন