বর্ধিত কোটায় হজের নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হজযাত্রীরা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হয়। এ বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরব। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত আসন পূরণে নতুন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হলে নিবন্ধন বন্ধ হয়ে যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। এ সময়ের মধ্যে টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।
