EN ☀️
×

Follow Us

ধর্ম

রমজান শুরু হতে বাকি আর মাত্র ৯০ দিন, সম্ভাব্য তারিখ জানা গেল

ডেইলি সান, ধর্ম ডেস্ব

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

রমজান শুরু হতে বাকি আর মাত্র ৯০ দিন, সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে নতুন মাসের গণনা শুরু হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর শুরু হবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিক্রান্ত হওয়ার পর নবম মাস হিসেবে শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসাবে জমাদিউস সানির শুরু থেকে রমজান মাস শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আরও পড়ুন