হালাল উপার্জন ও শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক নিয়ে ইসলামের নির্দেশনা।
কর্মস্থলে নির্ধারিত অঙ্গীকার পূর্ণ না করা, সময়মতো উপস্থিত না হওয়া কিংবা আগেভাগে কর্মস্থল ত্যাগ করা ইসলামের দৃষ্টিতে প্রতারণার শামিল। পুরো সময় কাজ না করলে বা দায়িত্বে অবহেলা করলে বেতনও পূর্ণ হালাল হয় না বলে আলেমরা উল্লেখ করেন। নিজ সন্তান ও পরিবারের জন্য বৈধ উপার্জনই হওয়া উচিত জীবনচলার অবলম্বন।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, হারাম পন্থায় উপার্জিত সম্পদ থেকে দান করলেও তা কবুল হয় না এবং সেই সম্পদে বরকতও থাকে না। এমন সম্পদ জাহান্নামের পাথেয় হবে (মুসনাদে আহমাদ)।
হাদিসে আরও এসেছে, অনেক মানুষ দীর্ঘ সফর করে কাবায় এসে ব্যাকুল হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, অথচ তার দোয়া কবুল হয় না। কারণ তার খাদ্য, পানীয় ও পোশাক হারাম উপার্জনের (মেশকাত)। অন্য বর্ণনায় এসেছে, হারাম উপার্জনের এক লোকমা খেলেও ৪০ দিন ইবাদত কবুল হয় না (তাবরানি)।
নিয়োগকর্তার দায়ও কম নয়। সাধ্যের বাইরে কাজের বোঝা চাপানো অনুচিত। শ্রমিকের অধিকার প্রসঙ্গে নবীজি (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে (ইবনে মাজাহ: ২৪৩০)। পুরো কাজ আদায় করে ন্যায্য মজুরি দিতে গড়িমসি করলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।