১৫ বছর পর খুলল দামেস্কের ঐতিহাসিক সুলাইমানিয়া মসজিদ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ এএম
দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর অবশেষে সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক ‘সুলাইমানিয়া তাকিয়া মসজিদ’ পুনরায় খুলে দেওয়া হয়েছে। ব্যাপক সংস্কার ও পুনর্বাসনকাজ সম্পন্ন হওয়ার পর গত শনিবার (৩১ অক্টোবর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এই মসজিদটি উদ্বোধন করা হয়।
সিরিয়ার ধর্মবিষয়ক (আওকাফ) মন্ত্রী মুহাম্মদ আবুল খাইর শুকরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির অর্থ, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী এবং দামেস্কের গভর্নরসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দামেস্কের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পুনরুজ্জীবিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই মসজিদটি পুনরায় চালু করা হলো।
উদ্বোধনী বক্তব্যে ধর্মমন্ত্রী শুকরি বলেন, ‘আজ আমরা এমন একটি সাংস্কৃতিক নিদর্শন, শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্বোধন করছি, যা নিয়ে সমগ্র শাম (সিরিয়া ও আশপাশের অঞ্চল) গর্বিত। এটি কেবল একটি সাধারণ মসজিদ নয়, এর চেয়েও অনেক বেশি কিছু।’
তিনি আরও উল্লেখ করেন, দামেস্কের ওয়াকফ ব্যবস্থা প্রায় ৫০০ বছর ধরে সামাজিক সংহতি, অভাবগ্রস্তদের খাবার সরবরাহ এবং হাজিদের কাফেলাগুলোর সেবায় এক জীবন্ত সাক্ষ্য বহন করে আসছে।
সিরিয়ার সংস্কৃতিমন্ত্রী মুহাম্মদ ইয়াসিন আস-সালেহ বলেন, ‘সুলাইমানিয়া তাকিয়া মসজিদের পুনরায় উদ্বোধন ঐতিহ্য পুনরুদ্ধার ও পুনর্জাগরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দামেস্ক ও সিরিয়ার ঐতিহাসিক নিদর্শনগুলোতে আবারো প্রাণচাঞ্চল্য ফিরবে।’ জাতীয় পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণ করা সবার সম্মিলিত দায়িত্ব বলেও তিনি জোর দেন।
ঐতিহাসিক সুলাইমানিয়া তাকিয়া কমপ্লেক্সটি ষোড়শ শতাব্দীতে উসমানীয় (অটোমান) সাম্রাজ্যের বিখ্যাত সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত হয়। উসমানীয় স্থাপত্যের শ্রেষ্ঠ স্থপতি মিমার সিনান এই অনন্য কমপ্লেক্সটির নকশা প্রণয়ন করেছিলেন। সুবিশাল এই কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ, একটি মাদরাসা, হাজিদের জন্য অতিথিশালা এবং একটি লঙ্গরখানা। দীর্ঘদিন ধরে এটি দামেস্কে ধর্মীয় শিক্ষা ও দাতব্য কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।