২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু সৌদির, বৈঠক ৭৫ দেশের সঙ্গে
সেবার মান বাড়াতে এ উদ্যোগ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম
২০২৭ সালের হজের সার্বিক সেবার মান উন্নত করতে ৭৫টিরও বেশি দেশের সঙ্গে সমন্বয় বৈঠক শুরু করেছে সৌদি আরব।
আগামী ২০২৭ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। হজের সেবার মান বাড়ানো ও আগাম প্রস্তুতি নিশ্চিতের লক্ষ্যে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দপ্তরের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক পরিচালনা করছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বৈঠকগুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর জমা দেওয়া কার্যক্রমের পরিকল্পনা (অপারেশনাল প্ল্যান) পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি হজের নতুন বিধিবিধান, পরিচালনা নির্দেশনা এবং বিদেশি হজ মিশনগুলোর নানা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা চলছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব চুক্তি সম্পন্ন করা যায়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আগাম প্রস্তুতির ফলে সৌদি কর্তৃপক্ষ ও বিদেশি হজ মিশনগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। মূলত ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় হজযাত্রীদের আগমন থেকে শুরু করে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।