EN ☀️
×

Follow Us

ধর্ম

হজের আনুষ্ঠানিকতা শেষ, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

প্রথম দিনে ফিরছেন ৫ হাজারেরও বেশি হাজী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:৩১ পিএম

হজের আনুষ্ঠানিকতা শেষ, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ছবি: সংগৃহীত

অ অ

মিনায় তিন জামারাতে (শয়তানকে) কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে আজ শুক্রবার (২৯ মে) সম্পন্ন হলো ২০২৬ সালের পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এর পরপরই শুরু হচ্ছে আল্লাহর মেহমানদের স্বদেশে ফেরার পালা। আজ রাতেই হজের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে। সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে হাজীদের এই ফিরতি যাত্রা শুরু হচ্ছে। প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজী দেশে ফিরবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার সমস্ত দাপ্তরিক কাজ সফলভাবে শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া হজযাত্রী পরিবহন প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও মসৃণ করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে, কোনো ধরনের সিডিউল বিপর্যয় বা ভোগান্তি ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী নিরাপদে সৌদি আরব পৌঁছাতে পেরেছেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আজ শুরু হওয়া এই ফিরতি হজ ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে চালু থাকবে।

আরও পড়ুন