হজের খুতবা শেষে আরাফাতে জোহর ও আসরের নামাজ আদায় মুসল্লিদের
ধর্ম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসলিম। সেখানে হজের মূল খুতবা শুনছেন ও নামাজ আদায় করছেন তারা।
এ বছর আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। খুতবা শেষে মসজিদে নামিরায় জামাতের সাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সুন্নাত তরিকায় জোহরের ওয়াক্তে এক আজান এবং দুই ইকামতের মাধ্যমে এই কসর নামাজ (দুই রাকাত করে) আদায় করা হয়।
মসজিদে নামিরায় মূল জামাত অনুষ্ঠিত হলেও, দূর-দূরান্তে থাকা হাজিরা নিজ নিজ তাঁবু থেকেই জামাতে নামাজে শরিক হন। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ সম্পন্ন করার পর থেকেই মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এই পবিত্র সময়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ দোয়া, ইস্তিগফার, এবং রোনাজারিতে মশগুল রয়েছেন লাখো কণ্ঠ।