ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম
ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি সফর।
শনিবার (২৮ মার্চ) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি সৌদি আরবের মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেলেন তিনি। আগামী ৩০ মার্চ হতে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক ওমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভা আয়োজন করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে।
এ সফরে ধর্মমন্ত্রী ওমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নেবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী।
পরে আগামী ৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।