EN ☀️
×

Follow Us

বাণিজ্য

আগাম শীতের সবজিতেও স্বস্তি নেই, কমেছে ডিমের দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

আগাম শীতের সবজিতেও স্বস্তি নেই, কমেছে ডিমের দাম

রাজধানীর কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা, দামে স্বস্তি নেই। ছবি: সংগৃহীত

অ অ

আগাম শীতকালীন সবজি শিম, ফুলকপি ও মুলায় বাজার ভরতে শুরু করলেও দামে স্বস্তি মিলছে না। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মালিবাগ, শেওড়াপাড়া ও রামপুরার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকায়। এর মধ্যে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে এবং ডজনপ্রতি ১০ টাকা কমে ডিমের দাম নেমেছে ১৪০ টাকায়। তবে সব মিলিয়ে নিত্যপণ্যের খরচ নিয়ে ক্রেতাদের দুশ্চিন্তা কাটেনি।

বাজারে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকায়। ফুলকপির পিস ৭০ টাকা, মুলার কেজি ৭০ টাকা। টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গোল বেগুন ১২০ টাকা ও লম্বা বেগুন ১০০ টাকা কেজি। বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি দরে মিলছে। সবজির মধ্যে সবচেয়ে সস্তা পেঁপে, কেজি ৩০ থেকে ৪০ টাকা। কয়েক সপ্তাহ আগে ২০০ টাকায় ওঠা কাঁচা মরিচ সরবরাহ বাড়ায় এখন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যাংকার রাশেদুল আলম দুই পিস ফুলকপি কিনেছেন ১৪০ টাকায়। এ ছাড়া একটি লাউ ৫০ টাকা এবং এক পোয়া কাঁচা মরিচ ৪০ টাকায় কিনেছেন তিনি। ডিম বিক্রেতা মাসুম আল হাসান জানান, ফার্মের মুরগির ডিম এখন ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি করছেন।

মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার কেজি ১৮০ টাকা, সোনালি ৩১০ টাকা। বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লারের দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। গরুর মাংস আগের মতোই কেজি ৮০০ টাকা।

মাছের বাজারেও বড় পরিবর্তন নেই। রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে মিলছে। চিংড়ি আকার ও মানভেদে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ট্যাংরা ৭০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি।

আরও পড়ুন