EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বাজারে স্বস্তি নেই, সবজি-ডিমের দামে দিশেহারা সাধারণ মানুষ

বাজারে কোনো মনিটরিং না থাকায় এই অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ ক্রেতাদের...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:২৫ পিএম

বাজারে স্বস্তি নেই, সবজি-ডিমের দামে দিশেহারা সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বাজারে সবজির দাম আরও বেড়েছে। একই সঙ্গে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। এই পরিস্থিতিতে নিত্যপণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব সবজির দামই শতটাকার ঘরে। প্রতি কেজি লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ১০০ টাকা, করলা ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, বরবটি ও কচুর লতি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ১০০ টাকা, পটোল ৮০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ধন্দুল ১০০ টাকা এবং গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম উঠেছে ১৬০ টাকায়। লাউ প্রতি পিস ১০০ টাকা ও জালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই অস্থিরতা এ সপ্তাহে আরও বেড়েছে। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় ঠেকেছে। এলাকাভেদে কোথাও কোথাও তা ১৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।

ক্রেতারা ক্ষোভ জানিয়ে বলছেন, বাজারে এখন ১০০ টাকার নিচে সবজি পাওয়াই কঠিন। বিক্রেতারা যে যার মতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। বাজারে কোনো মনিটরিং না থাকায় এই অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।

তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহে ঘাটতি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে।

আরও পড়ুন