গ্রিসে অবৈধভাবে যেতে উৎসাহ, সেই বাংলাদেশিসহ ফেরত ৫১ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে যাওয়ার উৎসাহ দিয়েছিলেন ২৭ বছর বয়সী এক তরুণ। সেই ভিডিও ঘিরে বিতর্কের জেরে শেষ পর্যন্ত তাকে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুলিশের তল্লাশি কিংবা বহিষ্কারের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন ওই তরুণ। তার করা তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যাত হওয়ার পর শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠানো হয়। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশি নাগরিক ছিলেন। ওই তরুণের তিন দফা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
তবে প্রোটো থেমার প্রতিবেদনে ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অন্য ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
গ্রিক সংবাদমাধ্যমটির তথ্যমতে, অভিবাসন নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণকে আইনি সহায়তা দিয়েছিল। তার আশ্রয়ের আবেদনগুলো খারিজ হওয়ার পরও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা করেন সংস্থাটির আইনজীবীরা।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের কাছে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, একের পর এক আবেদন করে দেশে অবস্থানের মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম রাষ্ট্র।
এ বিষয়ে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে গ্রিসে অবস্থান করতে না দেওয়ার যে নীতি মন্ত্রণালয় গ্রহণ করেছে, এ ঘটনা তারই উৎকৃষ্ট উদাহরণ।
যেভাবে আলোচনায় আসেন ওই তরুণ
ঘটনার সূত্রপাত গত জুনের শেষ দিকে। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে বাংলাদেশিদের উদ্দেশে গ্রিসে আসার আহ্বান জানাতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, গ্রিসে প্রচুর কাজ রয়েছে। এমনকি কয়েক দশক অবৈধভাবে অবস্থান করলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালাবে না।
ভিডিওটি নজরে আসার পরই কঠোর অবস্থান নেন অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস। তিনি বলেন, এ ধরনের প্রচারণা গ্রিসের অভিবাসননীতি সম্পর্কে ভুল বার্তা দেয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার ক্ষেত্রে এ ধরনের বক্তব্যকে কাজে লাগাতে পারে।
ভিডিওটি প্রকাশের পর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে তার বসবাসের অনুমতি বাতিল করে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেন অভিবাসনমন্ত্রী। গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার রেসিডেন্স পারমিট বাতিল করা হয়।
কঠোর হচ্ছে গ্রিসের অভিবাসননীতি
প্রতিবেদনে বলা হয়, ওই তরুণের পরপর তিনবার আশ্রয়ের আবেদন করা এবং প্রতিবারই তা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। আবেদনগুলো বাতিল হওয়ার পরও সংশ্লিষ্ট এনজিওর আইনজীবীরা তাকে গ্রিসে রাখার জন্য শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যান।
গ্রিস সরকারের মতে, এ ধরনের ধারাবাহিক আবেদন অনেক ক্ষেত্রে দেশে অবস্থানের মেয়াদ বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। নাফপ্লিওর ঘটনাটি সরকারের কঠোর অভিবাসননীতিরই প্রতিফলন। দ্রুত আশ্রয়ের আবেদন নিষ্পত্তি এবং আইনের অপব্যবহার ঠেকিয়ে বহিষ্কারের সংখ্যা বাড়ানোই এ নীতির লক্ষ্য।
সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরত পাঠানোর হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। এ সময়ে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।
একই সঙ্গে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে আইনি কাঠামো আরও কঠোর করেছে গ্রিস। পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাও জোরদার করছে দেশটি।