EN ☀️
×

Follow Us

প্রবাস

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে, আবেদন করতে পারবেন যারা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে, আবেদন করতে পারবেন যারা

ছবি: সংগৃহীত

অ অ

কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন দক্ষ বিদেশি কর্মীরা। তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি করতে যাচ্ছে দেশটির সরকার। গ্রামীণ ও ছোট শহরকেন্দ্রিক জনপ্রিয় অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ (আরসিআইপি) পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে স্থায়ী কর্মসূচিতে রূপ নিতে যাচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই কর্মসূচি কার্যকর হবে। মূলত প্রত্যন্ত অঞ্চলের শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং বিদেশি কর্মীদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নিয়েছে কানাডা সরকার।

পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচির প্রথম বছরেই প্রায় সাড়ে পাঁচ হাজার দক্ষ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেওয়া হবে। এর ফলে অটোয়া বা টরন্টোর মতো বড় শহরের বাইরে ছোট ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ তৈরি হবে।

প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পের আওতাভুক্ত ১৪টি এলাকাকে এ কর্মসূচিতে রাখা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার কয়েকটি ছোট শহরও এ সুযোগের আওতায় আসছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এ কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির কর্তৃপক্ষের কাছ থেকে সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।

কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীকে গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। একই সঙ্গে ইংরেজি বা ফরাসি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় গিয়ে নিজের ও পরিবারের জীবনযাপনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে হবে।

ভাষাগত দক্ষতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে পেশার ধরন অনুযায়ী। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) ক্ষেত্রে কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (সিএলবি) ৬, টিইইআর ২ ও ৩-এর ক্ষেত্রে সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর ক্ষেত্রে সিএলবি ৪ পর্যায়ের দক্ষতা প্রয়োজন।


বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) জমা দিতে হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব সংগ্রহ করতে হবে।

এ ক্ষেত্রে আবেদনকারীর হয়ে নিয়োগকর্তাই প্রথম পদক্ষেপ নেবেন। তিনি সংশ্লিষ্ট কমিউনিটি কর্তৃপক্ষের কাছে আবেদনকারীর জন্য সুপারিশপত্র চেয়ে আবেদন করবেন। কমিউনিটির অনুমোদন বা সুপারিশ পাওয়ার পর আবেদনকারী কানাডার অভিবাসন বিভাগ (আইআরসিসি) বরাবর স্থায়ী বসবাসের জন্য চূড়ান্ত আবেদন জমা দিতে পারবেন।

তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেলেই এ কর্মসূচিতে আবেদন করা যাবে না। নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। একই সঙ্গে চাকরিটি ওই এলাকার চাহিদাসম্পন্ন বা অগ্রাধিকারপ্রাপ্ত পেশার তালিকায় থাকতে হবে।

নতুন এ কর্মসূচি কার্যকর হলে কানাডার বড় শহরগুলোর বাইরে বসবাস ও কাজ করতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য স্থায়ী হওয়ার আরও একটি সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন