EN ☀️
×

Follow Us

প্রবাস

মালয়েশিয়ায় অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

মালয়েশিয়ায় অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিবাসনবিরোধী অভিযানে ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি।

গত সোমবার (১০ আগস্ট) শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ‘অপ সাসার’ নামের এ অভিযানে মোট ৩ হাজার ৩০৭ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তাদের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। তাদের সংখ্যা ৩৭০ জন। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন এবং মিয়ানমারের ১৮৩ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

মঙ্গলবার রাতে সুতেরামাস অ্যাপার্টমেন্টে অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকারিয়া শাবান বলেন, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশিদের বসবাসের এলাকায় অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহারের মতো অভিযোগ রয়েছে।

অভিযানে তদন্তে সহায়তার জন্য ৪৫ জন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে সমন দেওয়া হয়েছে। তাদের মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে কয়েকজন বাড়ির মালিকও রয়েছেন।

জাকারিয়া শাবান জানান, চলতি বছর এ পর্যন্ত ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রয়েছে বলেও জানান তিনি। এ কর্মসূচির আওতায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সংখ্যা কমাতে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাকারিয়া শাবান।

আরও পড়ুন