বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
ইউএনও মাসুমা বেগম বলেন, ‘শিক্ষিত জাতি গঠনে যেমন লেখাপড়ার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই এমন সুন্দর আয়োজনটির জন্য।’
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধন করেন আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
খেলায় অংশ নেয় আদমদীঘি সদর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের একদল যুবক। এক ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুব টিম।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রেজাউল করিম স্বপন।
রেফারির দায়িত্ব পালন করেন শাহিন আলম, সহকারী হিসেবে ছিলেন রাকিবুল ইসলাম ও আব্দুল বাসার। তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার সহসভাপতি আহসান হাবীব তুহিন এবং সঞ্চালনা করেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম বাপ্পী, ইদ্রিস আলী, নূর আলম, আসাদুল, সাগর আলী ও খেলার ধারাভাষ্যকার আকরাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুমা বেগম বলেন, ‘শিক্ষিত জাতি গঠনে যেমন লেখাপড়ার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই এমন সুন্দর আয়োজনটির জন্য।’