গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পথে পথে অবস্থানের মধ্যেই এই হামলার ঘটনা।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ‘ইনকিলাব মঞ্চের’ ব্যানারে আসা একটি দল এই হামলা ও ভাঙচুর চালায়।
জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি নির্দিষ্ট স্থানে কাঠ ও কার্টন জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে এলে হামলাকারীরা আবারও সেখানে আগুন দেয়। বেলা সোয়া ১টার দিকেও সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী এই ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি গ্রুপ আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে। পরে তারা ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করছে।’
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ভবনটিতে প্রথমবার আগুন লাগানো হয়। এরপর আগস্ট মাসজুড়ে সেখানে লুটপাটও চলেছিল। কেবল গুলিস্তানের এই কার্যালয় নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও একই সময়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং মালামাল লুট করে নেওয়া হয়। সেই থেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এই তিনটি কার্যালয় অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। তারা বিভিন্ন এলাকায় মিছিলও করেন, যার মধ্যেই গুলিস্তানে এই হামলার ঘটনা ঘটল।