মানবতাবিরোধী অপরাধের মামলা
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। এ পরিস্থিতিতে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট।
বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আজ সেনাসদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।
রায় ঘোষণাকে ঘিরে সম্প্রতি রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে গত কয়েক দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে।
রাজধানীর কোর্ট এলাকা, শাহবাগ, মতিঝিল ও ধানমন্ডিসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।