Logo
EN
×

Follow Us

শিক্ষা

তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

দশম গ্রেডে বেতন ও শতভাগ পদোন্নতির দাবিতে আন্দোলনে হাজারও শিক্ষক

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫

তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে শিক্ষকদের ‘লাগাতার’ অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে চারটি শিক্ষক সংগঠনের নেতারা এই কর্মসূচি শুরু করেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের প্রধান তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

এই কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলনে সংহতি জানিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘দাবি আদায়ে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের সংখ্যা আরও বাড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষকরা অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিলেও সহকারী শিক্ষকদের দাবির প্রতিফলন ঘটেনি, তাই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন