ক্যামেরার সামনে গম্ভীর, সেটে বাচ্চাদের মতোই হাসিখুশি আরিয়ান খান: মোনা সিং
‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর সাফল্যের পরেও ভাবমূর্তি ধরে রাখতে চান শাহরুখ-পুত্র, মত অভিনেত্রীর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ বর্তমানে রমরমিয়ে চলছে। কিন্তু এই বিশাল সাফল্যের পরেও ছবিশিকারিদের (পাপারাজ্জি) সামনে আরিয়ানকে দেখা যায় সেই গম্ভীর মুখেই। তার এই আচরণের নেপথ্যে বিশেষ কারণ রয়েছে বলে মনে করেন সিরিজটির অভিনেত্রী মোনা সিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ান খানের সেট ও সেটের বাইরের স্বভাব নিয়ে কথা বলেছেন মোনা সিং।
মোনা সিং জানান, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতে তাঁরা খুব চেষ্টা করেছিলেন যাতে আরিয়ান ক্যামেরার সামনে একটু হাসেন। কিন্তু তিনি হাসেননি। মোনার মতে, এটা আরিয়ানের পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘ও নিশ্চয়ই ক্যামেরার সামনে বিশেষ একটি ভাবমূর্তি ধরে রাখতে চায়। তাই ঠিকই আছে।’
তবে শুটিং সেটের ভেতরের আরিয়ান কেমন, সেই প্রসঙ্গে মোনা বলেন, ‘ও খুবই মিষ্টি। বাচ্চাদের মতোই। ওর মুখে সব সময়ে হাসি থাকে। নানা মজার কথা বলে আর হাসাহাসি করতে থাকে। প্রতিটি বিষয় নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে।’
অভিনেত্রী মোনা সিং আরও বলেন, ‘সেটে প্রত্যেক অভিনেতা যাতে স্বচ্ছন্দ বোধ করেন, সে দিকে ও সব সময়ে খেয়াল রাখে। ওর কাজের সেটে সবাই খুব আনন্দে থাকে।’
মোনা সিং, আরিয়ানকে একজন ভাল অভিনেতা হিসেবেও অভিহিত করেন এবং জানান যে প্রত্যেকটি চরিত্রে আরিয়ান নিজেই অভিনয় করে দেখিয়ে দিতেন। পাশাপাশি শাহরুখ-পুত্রের রসবোধও নাকি খুব ভালো।
উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ানের প্রথম পরিচালনা। এই সিরিজ়ে মোনা সিং ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পহওয়া, লক্ষ্য, রাঘব জুয়াল প্রমুখ।