ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় ৭ জনের বিরুদ্ধে চার্জশিট
অভিযোগ প্রমাণিত না হওয়ায় যাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে তারা হলেন- তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর শুক্রবার (৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মো. আখতার মোর্শেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি জানান, তদন্তে সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এরা হলেন—মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। তদন্ত কর্মকর্তা বলেন, আসামিরা সকলে মাদক কারবারে জড়িত ছিলেন এবং তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজন—তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকারকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সাম্যকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন (১৪ মে) নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।