আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি পাকিস্তানের
তিনি বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকলেও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে আত্মরক্ষার সব পদক্ষেপ নিতে বাধ্য হবে।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
আফগানিস্তান থেকে সীমান্তপারে অনুপ্রবেশ অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নিতে পারে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকলেও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে আত্মরক্ষার সব পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাকিস্তানের সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিপেনডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে আলোচনা ব্যর্থ হলে এবং অনুপ্রবেশ চলতে থাকলে সামরিক পদক্ষেপই হবে শেষ বিকল্প।
তিনি জানান, পাকিস্তানের একমাত্র দাবি—আফগান ভূখণ্ড যেন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়। আমাদের বার্তা পরিষ্কার, আফগান মাটি যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে ব্যবহার না হয়, বলেন তিনি।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত আফগান তালেবান লিখিতভাবে কোনো নিশ্চয়তা দেয়নি যে পাকিস্তানে হামলা বন্ধ হবে। তিনি সতর্ক করেন, সীমান্তে অস্থিরতা শুধু পাকিস্তানের নিরাপত্তাই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
খাজা আসিফ অভিযোগ করেন, কাবুলে ভারতের প্রভাব পাকিস্তান-আফগান সম্পর্ককে জটিল করে তুলছে। তার ভাষায়, ভারত এমন নীতি অনুসরণ করছে, যাতে পাকিস্তান সন্ত্রাসবাদের চ্যালেঞ্জে জড়িয়ে থাকে। আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব উদ্বেগজনক; তারা শান্তি প্রচেষ্টার সফলতা বাধাগ্রস্ত করতে চায়।
তবে জটিল পরিস্থিতির মধ্যেও খাজা আসিফ আশাবাদ ব্যক্ত করেছেন, আলোচনার মাধ্যমে সীমান্ত উত্তেজনা নিরসনের সম্ভাবনা এখনো রয়েছে। আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কোনোভাবেই অস্বীকার করা যায় না, বলেন তিনি।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা সীমান্ত উত্তেজনা ইতোমধ্যেই দুই দেশের সম্পর্ককে সংকটে ফেলেছে। সামরিক বিকল্পের ইঙ্গিত পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।