ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ ও মাইকিং
উপকূলীয় জেলা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫
ছবি: ডেইলি সান
উপকূলীয় জেলা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখা আয়োজন করেছে দিনব্যাপী লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর শহরের পুরাতন বাজার, মুনিগঞ্জ, হাড়িখালী ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এলাকায় শুভসংঘের সদস্যরা লিফলেট বিতরণ ও মাইকিং করেন। শহরজুড়ে সারাদিন চলে এই সচেতনতামূলক প্রচারণা।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার শুভসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। সবাইকে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে।
তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, প্লাস্টিক পাত্র বা ছাদের পানি নিয়মিত ফেলে দিতে হবে। তিন দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই হাসপাতালে পরীক্ষা করাতে হবে।
ডা. অসিম শুভসংঘের উদ্যোগের প্রশংসা করে আরও বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো যদি নিয়মিতভাবে জনগণকে সচেতন করে, তাহলে ডেঙ্গু সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আবুবকর সিদ্দিক, সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরদার, সহসভাপতি তিলকা সারহানা তমা ও ইমরান কবির রোমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কুমকুম আক্তার মাহি, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ঐশ্বর্য আক্তার ভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ রায়, কর্মপরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলিমুন হক মুন্না, সমাজকল্যাণ সম্পাদক রাব্বি মোল্লা এবং নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, এই সচেতনতা কার্যক্রম চলবে জেলার অন্যান্য উপজেলা ও গ্রামীণ এলাকাতেও।