মাতৃত্বের পথে হাঁটতে হাঁটতে শুটিংয়ে দাপট দেখালেন দীপিকা-আলিয়ারা
বর্তমান সময়ে দাঁড়িয়ে, ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অভিনেত্রীরাও বিয়ে, মাতৃত্ব এবং ব্যক্তিগত জীবনকে জোর গলায় অগ্রাধিকার দিয়ে কাজ থেকে সাময়িক বিরতি নিতে পিছপা হন না।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিনোদন জগতে অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পালটেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে, ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অভিনেত্রীরাও বিয়ে, মাতৃত্ব এবং ব্যক্তিগত জীবনকে জোর গলায় অগ্রাধিকার দিয়ে কাজ থেকে সাময়িক বিরতি নিতে পিছপা হন না। তবে গর্ভাবস্থাতেও কাজের প্রতি সমান মনোনিবেশ রেখে শুটিং ফ্লোরে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার উদাহরণ বিনোদন জগতে বিরল নয়।
সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ‘কল্কি’ ছবির প্রচার চালিয়ে চর্চায় আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যিনি মাতৃত্বকে কাজের থেকেও বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। দেখে নেওয়া যাক এমন আরও কিছু অভিনেত্রী, যাঁরা গর্ভাবস্থাতেও অসামান্য পেশাদারিত্ব দেখিয়েছেন-
জয়া বচ্চন: কালজয়ী ছবি ‘শোলে’- তে অভিনয় করার সময় প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন তাঁর প্রথম সন্তান শ্বেতাকে গর্ভে ধারণ করেছিলেন। গর্ভাবস্থা সত্ত্বেও তিনি দাপটের সঙ্গে সেই ছবির অভিনয় চালিয়ে গিয়েছিলেন।

জুহি চাওলা: যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হন, তখন জুহি চাওলা একসঙ্গে দু’টি ছবি- ‘আমদানি আঠানি খরচা রুপাইয়া’ এবং ‘এক রিস্তা’- তে অভিনয় করছিলেন। মঞ্চ ও ক্যামেরা থেকে তিনি কোনোভাবেই দূরত্ব বজায় রাখেননি এবং সমানতালে কাজ চালিয়ে গিয়েছেন।

কারিনা কাপুর খান: নবাব ঘরনি করিনা কাপুর খান তাঁর দ্বিতীয় সন্তান জেহ-কে গর্ভে নিয়ে 'লাল সিং চাড্ডা'-র শুটিং পুরোদমে চালিয়ে গিয়েছেন। ২০২২ সালে তিনি যখন সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তখনও ফ্লোরে ছিলেন তিনি।

আলিয়া ভাট: বলিউড এবং হলিউড- দুই ইন্ডাস্ট্রিকেই সমানতালে সামলেছেন আলিয়া ভাট। গর্ভাবস্থায় তিনি একদিকে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ এবং অন্যদিকে অ্যাকশন দৃশ্যের জন্য ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং করেছেন।

নেহা ধুপিয়া: জনপ্রিয় টিভি শো ‘রোডিজ’- এর শুটিং চালিয়ে গিয়েছেন নেহা ধুপিয়া। প্রথম দিকে কেউ ঘুণাক্ষরেও টের পাননি তাঁর মাতৃত্বের খবর। জানাজানি হওয়ার সময় নেহা প্রায় সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ইয়ামি গৌতম: অভিনেত্রী ইয়ামি গৌতমও তাঁর প্রথম সন্তানকে গর্ভে নিয়ে শুটিং চালিয়েছেন। ২০২৪ সালের ‘আর্টিকেল ৩৭০’ ছবির কিছুটা শুটিং বাকি ছিল, যা তিনি গর্ভাবস্থাতেই শেষ করেন।

এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন, মাতৃত্বের আগমন কাজের প্রতি তাঁদের অঙ্গীকারকে সামান্যতম প্রভাবিত করতে পারেনি। বরং, তাঁরা ব্যক্তিগত ও পেশাগত জীবনকে এক নতুন ভারসাম্যে এনে বিনোদন জগতে এক শক্তিশালী বার্তা দিয়েছেন।