এনসিপিসহ নতুন ৩ দলকে প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি ইসির
জাতীয় নাগরিক পার্টি ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টি ‘হ্যান্ডশেক’ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক পাওয়া এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করেছে ইসি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করার পর ১৪৩টি দল ইসিতে আবেদন করেছিল।
প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি আবেদন। ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করে ইসি। শেষ পর্যন্ত তিনটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’