আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৭
সোমবার গভীর রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে সামাঙ্গান ও বালখ প্রদেশে।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
সোমবার গভীর রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে সামাঙ্গান ও বালখ প্রদেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানান, হতাহতদের বেশির ভাগই এই দুই প্রদেশের বাসিন্দা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অধিকাংশই আশঙ্কামুক্ত। তবে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সামাঙ্গান প্রদেশের খুলম জেলা, যা মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি। খুলমে অবস্থানরত এএফপি–এর এক সাংবাদিক জানান, প্রবল বৃষ্টিপাতের মধ্যেও স্থানীয়রা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে ঘরবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছেন।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ এখনো চলছে। এটি এ বছরের দ্বিতীয় বড় ভূমিকম্প, যা আগস্ট মাসে পাকিস্তান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ কম্পনের পর ঘটল। সেই ভূমিকম্পে তালেবান সরকারের তথ্যমতে, দুই হাজার ২০০ জনের বেশি নিহত এবং প্রায় চার হাজার জন আহত হয়েছিলেন।
ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান মূলত হিন্দু কুশ পর্বতমালা বরাবর অবস্থিত, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় প্রায়ই মাঝারি থেকে প্রবল ভূমিকম্প আঘাত হানে।