Logo
EN
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ, ঝুঁকিতে হাজারো কর্মী

যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ, ঝুঁকিতে হাজারো কর্মী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না— এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন এই নিয়মের ফলে হাজার হাজার বিদেশি কর্মী কাজের বৈধতা হারানোর ঝুঁকিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক ঘোষণায় বিভাগটি জানায়, ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে যারা কাজের অনুমতিপত্র নবায়নের আবেদন করবেন, তাদের আর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর সুযোগ থাকবে না। তবে এই তারিখের আগে যেসব ইএডি (Employment Authorization Document) স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত হয়েছে, সেগুলো কার্যকর থাকবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের পুরোনো নিয়ম বাতিল করল। আগের নিয়ম অনুযায়ী, ইএডির মেয়াদ শেষ হলেও সময়মতো নবায়নের আবেদন করলে অভিবাসীরা ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য হলো ‘জনগণের নিরাপত্তা ও জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে আরও কঠোর যাচাই-বাছাই।’

ইউএসসিআইএস–এর পরিচালক জোসেফ এডলো এই পদক্ষেপকে সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্রে কাজ করাটা অভিবাসী কর্মীদের কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ।

সংস্থাটি অভিবাসীদের পরামর্শ দিয়েছে, ইএডির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নবায়নের আবেদন করতে, নইলে বৈধতা হারিয়ে সাময়িকভাবে কর্মক্ষেত্রে বিরতি আসতে পারে।

কে বেশি ক্ষতিগ্রস্ত?

এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে আশ্রয়প্রার্থী ও শরণার্থী কর্মীদের ওপর, অস্থায়ী সুরক্ষা মর্যাদাধারীদের ওপর এবং দীর্ঘমেয়াদি ভিসা নবায়নের অপেক্ষায় থাকা পেশাজীবীদের ওপর।

ইএডি কী?

ইএডি বা Form I-766 হলো যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের জন্য কাজের আনুষ্ঠানিক অনুমতিপত্র। গ্রিন কার্ডধারী বা বিশেষ কর্মভিসা (যেমন H-1B, L-1B) প্রাপ্তদের সাধারণত এর প্রয়োজন হয় না।

এইচ-১বি ভিসাতেও নতুন কড়াকড়ি

এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন সম্প্রতি এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার পর্যন্ত বাড়িয়েছে— যা ‘অতি দক্ষ’ কর্মীদের মধ্যেই সীমিত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসাধারী বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করে স্থানীয় মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। [সূত্র: টাইমস অব ইন্ডিয়া]

আরও পড়ুন