পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা অবিলম্বে শুরুর নির্দেশ ট্রাম্পের
তিনি বলেন, রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে। তবে আগামী পাঁচ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম অবিলম্বে পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন/ডিপার্টমেন্ট অব ওয়ার) নির্দেশ দিয়েছেন, যেন যুক্তরাষ্ট্র অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো ‘সমানভাবে’ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে।
ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) নির্দেশ দিয়েছি, যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।’
পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে। তবে আগামী পাঁচ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে।’
এদিকে গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। তারও আগে ১৯৪৫ সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর অ্যালামোগোর্ডোতে ২০ কিলোটন ওজনের একটি পারমাণবিক বোমার পরীক্ষা করে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র।