স্থায়ী কমিটির বৈঠক
কমিশনের সুপারিশ নির্বাচন পেছানোর অপচেষ্টা: বিএনপি
দলটির নেতারা মনে করছেন, এই সুপারিশের মাধ্যমে কমিশন উল্টো গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ‘ঐকমত্য কমিশন’- এর সুপারিশকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রতারণার শামিল’ হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতারা মনে করছেন, এই সুপারিশের মাধ্যমে কমিশন উল্টো গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে এবং এটি আগামী ফেব্রুয়ারির নির্বাচন সঠিক সময়ে না করার ‘অপচেষ্টা’র অংশ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে (ভার্চুয়ালি) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় নেতারা এমন প্রতিক্রিয়া জানান বলে বৈঠক সূত্রে জানা গেছে।
স্থায়ী কমিটির সভায় নেতারা ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতাদের অভিমত, বিএনপি গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে।
বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি, যা বিএনপিকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।
সভায় একজন সদস্য কমিশনের সুপারিশের একটি ধারা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে পাকিস্তানের সাবেক সামরিক শাসক ইয়াহিয়া খানের জারি করা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) এবং আইয়ুব খানের প্রবর্তিত বেসিক ডেমোক্রেসি (মৌলিক গণতন্ত্র)-এর সঙ্গে তুলনা করেন।
ওই সদস্যের মতে, কমিশনের সুপারিশে মূলত দুটি দলের প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তা-ভাবনা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহম্মদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।