লালমনিরহাট
তরুণদের ডিভাইস আসক্তি দূর করতে শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ফুটবল উপহার তুলে দেওয়া হয়।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
ডিজিটাল ডিভাইসের প্রতি তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান আসক্তি দূর করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার (২৫ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খুনিয়াগাছ উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা শাখা।
আয়োজনটির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান সুজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, মো. আসাদুজ্জামান জীম বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় খুনিয়াগাছ এসপি স্পোর্টিং ক্লাব এবং করিম বাজার সুপারস্টার ক্লাব একাদশ। টান টান উত্তেজনায় ভরা এই ম্যাচে এসপি স্পোর্টিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ফুটবল উপহার তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি কামরুজ্জামান সুজন বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম দিন দিন মোবাইল ও ডিজিটাল গেমসে আসক্ত হয়ে পড়ছে। শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে তাদের আবারও মাঠমুখী করতে শুভসংঘের এই আয়োজন একটি ছোট প্রচেষ্টা মাত্র।’
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, দলগত সহযোগিতা ও একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।