Logo
EN
×

Follow Us

বাংলাদেশ

এএফডি ও বিআইআইএসএসের যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক এ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫

এএফডি ও বিআইআইএসএসের যৌথ ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর যৌথ ব্যবস্থাপনায় ‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ: ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডাইনামিক্স অব বাংলাদেশ অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) বিআইআইএসএসের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক এ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাবৃন্দ ও মিডিয়া ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তার বিশ্লেষণধর্মী বক্তব্যে বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতা এবং তার বহুমাত্রিক প্রভাবের ওপর আলোকপাত করেন। 

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের ভূরাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট পারস্পারিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িত। 

তিনি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্টতা, নীতিনির্ধারণে দূরদৃষ্টি এবং প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সকল দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।

উল্লেখ্য যে, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. আলী আশরাফ। এছাড়া, অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক ড. সাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া প্রাক্তন রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর সভাপতি এম হুমায়ুন কবির সেমিনারের মডারেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও সারাংশ সেশন পরিচালনা করেন।  সেমিনারে ক্যাপ্টেন শফিউল মুজনিবীন, (ট্যাজ), পিএসসি, বিএন সশস্ত্র বাহিনী বিভাগ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সেমিনারে বক্তরা বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সেমিনারে আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারটি বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিনির্ধারণে দূরদর্শিতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত ও কার্যকর জাতীয় কৌশল প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রতীয়মান।

আরও পড়ুন