গাজায় ফের ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি ভাঙনের শঙ্কা বাড়ছে
গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই এই আগ্রাসন নতুন করে চুক্তি ভাঙনের আশঙ্কা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র চুক্তি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।
গাজা সিটির পূর্বাঞ্চলের আল-শাআফ এলাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর দুটি আলাদা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, নিহতরা নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখতে ফিরে আসার সময় দখলদার বাহিনী গুলি চালায়।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা গুলি চালিয়েছে কিছু যোদ্ধার দিকে, যারা “হলুদ সীমারেখা” অতিক্রম করে শুজাইয়ার দিকে অগ্রসর হচ্ছিল এবং সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। এই “হলুদ রেখা” মূলত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয়, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনাদের অবস্থান সীমা নির্দেশ করে।
তবে স্থানীয়রা বলছেন, সীমারেখার অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে। গাজা সিটির তুফাহ এলাকার বাসিন্দা সামির বলেন, পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। মানচিত্রে রেখা দেখেছি, কিন্তু বাস্তবে কোথায় রেখাটি রয়েছে, তা বুঝতে পারছি না।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও একাধিকবার গাজায় হামলা হয়েছে। গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশুদেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েল দাবি করছে, হামাস যোদ্ধারা রাফাহ এলাকায় গুলি চালিয়ে তাদের দুই সেনাকে হত্যা করেছিল, যার প্রতিশোধে এই হামলা চালানো হয়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই।
হামাসের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল আবারও যুদ্ধ শুরুর অজুহাত তৈরি করছে।
এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, গাজায় মানবিক সহায়তা পাঠানো পুনরায় শুরু হয়েছে, তবে কী পরিমাণ ত্রাণ প্রবেশ করতে পেরেছে, তা এখনো পরিষ্কার নয়। [সূত্র: আল-জাজিরা]