Logo
EN
×

Follow Us

খেলা

তারকাবহুল হংকংয়ের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশ?

ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজ দল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫

তারকাবহুল হংকংয়ের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশ?

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ পিছিয়ে থাকা এবং শক্তিমত্তার বিচারে যোজন যোজন এগিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধে আজ  মাঠে নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডের এই ম্যাচটি বাংলাদেশ দল এবং কোচিং স্টাফরা দেখছেন ‘ডু অর ডাই’ হিসেবে। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে বাঁচা-মরার এই লড়াই।

কোচ ও খেলোয়াড়দের মতে, এশিয়ান কাপে টিকে থাকার জন্য আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট।

এশিয়ান ফুটবলের অন্যতম আক্রমণাত্মক দল হিসেবে পরিচিত হংকং। তাদের ২৫ সদস্যের দলে রয়েছেন পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়। এছাড়াও জাপান, ক্যামেরুন, জার্মানি ও নিউজিল্যান্ডের ফুটবল শিকড় থেকে উঠে আসা তারকারা তাদের শক্তি বাড়িয়েছে।

হংকংয়ের আক্রমণভাগের মূল ভরসা হলো ভয়ংকর ত্রয়ী। এদের মধ্যে সবচেয়ে বড় নাম এভেরতন কামারগো, যিনি অভিষেক হওয়ার পর এ পর্যন্ত করেছেন ১০ গোল। তাঁর সঙ্গে আছেন অভিজ্ঞ ম্যাথু এলিয়ট (৪২ ম্যাচে ১১ গোল), জুনিনিও (২২ ম্যাচ) এবং স্তেফান পেরেইরা (২০ ম্যাচ)। শক্তিমত্তার বিচারে হংকং যে কোনও মূল্যে এই সুযোগ কাজে লাগাতে চাইবে।

অন্যদিকে, এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগে খেলা শমিত সোম বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই দলের মান ও আত্মবিশ্বাস দুই-ই বেড়েছে।

হামজা-শমিত ছাড়াও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন তরুণ ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম এবং দ্রুতগতির ফরোয়ার্ড রাকিব হোসেনরা। যদি তাঁরা সুযোগগুলো কাজে লাগাতে পারেন, তাহলে বহুদিনের গোল খরা কাটার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ শিবিরে কিছুটা চিন্তা বাড়িয়েছে ইনজুরি। চোটের কারণে এ ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা। তাছাড়া ডিফেন্ডার তপু বর্মনও পুরোপুরি ফিট নন বলে জানা গেছে। তবে ইনজুরি নিয়ে চিন্তা করতে রাজি নন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা প্রায় ১০ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো দল প্রস্তুত, আর ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের বাড়তি প্রেরণা দেবে। হামজা, শমিত- এদের উপস্থিতি আমাদের মান ও আত্মবিশ্বাস দুই-ই বাড়িয়েছে। তবে শুধু তারাই নয়, পুরো দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।’

বাংলাদেশ দল গত কয়েক ম্যাচ থেকে গোল খরায় ভুগছে। মাঝমাঠ থেকে হামজা-শমিতরা একাধিক গোলের সুযোগ তৈরি করে দিলেও ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়রা তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন।

অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয় ছাড়া কিছু ভাবছি না।’

কোচ হ্যাভিয়ের কাবরেরাও একই সুরে প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ডু অর ডাই পরিস্থিতি হলেও আমরা লড়াই চালিয়ে যাব। তিন পয়েন্ট অর্জন করাই লক্ষ্য।’

আজকের ম্যাচে ফুটবলপ্রেমীরা আশা করছেন, নতুন তারকারা গোলের সুযোগ কাজে লাগিয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রমাণ করবেন এবং এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের টিকে থাকার পথ সুগম করবেন।

আরও পড়ুন