ছাত্র সংগঠনগুলোর আয়ের উৎস কি, অর্থ কোথা থেকে আসে?
দেশের ছাত্র সংগঠনগুলোর ছাত্র সংগঠনগুলোর আয়ের উৎস কি, অর্থ কোথা থেকে আসে? সম্প্রতি বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশের ছাত্র সংগঠনগুলোর ছাত্র সংগঠনগুলোর আয়ের উৎস কি, অর্থ কোথা থেকে আসে? সম্প্রতি বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ও জামায়াতের ছাত্রশিবির একে অপরের ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্থের উৎস নিয়েও চলছে আলোচনা। এই বিতর্কে সরব এখন সামাজিক যোগাযোগ মাধ্যম।
সম্প্রতি, ছাত্রশিবির এবং এনসিপির আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে প্রশ্ন তোলেন। এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজির অভিযোগও উঠেছে। একই ধরনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে, ছাত্রদল অভিযোগকে ‘অপরিপক্ক’ বলে আখ্যা দিয়েছে এবং ছাত্রশিবিরও তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে। এছাড়া, গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপি’র উদ্বোধনী অনুষ্ঠানেও আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, ৫ অগাস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর আর কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি চলছে।
তবে, একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও, টাকা উৎস নিয়ে নানারকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কীভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে, সেসব বিবরণ কখনো জানানো হয়নি।
ছাত্রদলের আয়ের উৎস কী?
বিগত শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রদল কর্মসূচি চালাতে পারলেও প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, কারণ ছাত্রলীগের দাপটে তারা কর্মসূচি পরিচালনা করতে বাধাগ্রস্ত হয়েছিল। সে সময় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল। পরে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
গত ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর ছাত্রদল আবারও ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। এরপর, দেশে বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে।
শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে ছাত্রশিবির ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মাঝে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্রশিবির প্রতিদিন তিন লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায়, সেই প্রশ্ন করেছে ছাত্রদল।
ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রদল বলছে, তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোন খরচ করতে পারছে না। যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানান, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই অগাস্টের আন্দোলনে আহতের চিকিৎসায়। যদিও আহতের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেয়া হয়েছে। তবে ছাত্রদল বলছে, মূল খরচটা দলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর এই বরাদ্দ আসছে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত 'বিএনপি পরিবার' নামের একটি সংগঠন থেকে।
সম্প্রতি রোজা শুরুর পর ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতারসহ মাহফিলসহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে? জানতে চাইলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাবেক নেতৃবৃন্দ ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতৃবৃন্দ যারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন। মাসিক ভাবে কেউ দেয় না। কোন কর্মসূচি হলে সাবেকরা বহন করে।
ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগের লাখ লাখ অপকর্মের সাথে ছাত্রদলের অল্প কিছু বিপথগামী নেতাকর্মীর অপরাধকে সমান পাল্লায় মাপা হচ্ছে। আমাদের ছোট অন্যায়কে প্রকাশ করে ছাত্রলীগকে উৎসাহিত করা হচ্ছে।
যদিও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালাবদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগ, যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির স্থানীয় সংগঠন, যুবদল, ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর, ছাত্রদল জানিয়েছে, তাদের সবচেয়ে বড় খরচ হচ্ছে জুলাই-আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা। যদিও সরকারের পক্ষ থেকে এই চিকিৎসার খরচ বহনের ঘোষণা দেওয়া হয়েছে, ছাত্রদল বলছে- মূল খরচটা তারা নিজেদের পক্ষ থেকেই বহন করছে। এ অর্থ বরাদ্দ আসছে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত ‘বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন থেকে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানিয়েছেন, তারা বড় বাজেটের কোনো আয়োজন করতে পারছে না। তারা স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে, এবং সাবেক নেতারা তাদের ব্যক্তিগতভাবে অর্থ খরচ করছেন। তবে, ছাত্রদলের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ নাকচ করে তিনি বলেন, ছাত্রলীগের অপকর্মের সাথে তাদের ছোট ভুলগুলো তুলনা করা হচ্ছে।
শিবিরের অর্থ কোথা থেকে আসে?
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্রশিবির। অগাস্টের পট পরিবর্তনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্রশিবির। সাম্প্রতিক এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলনসহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়।
রোজার শুরু থেকে ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়।
ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, শিবির প্রতিদিনই ইফতারে তিন লাখ টাকা করে ব্যয় করছেন। যদি তিন লাখ করে প্রতিদিন ব্যয় করা হয়, তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করছেন। এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করছে, কিংবা শিবিরের অর্থের উৎস কী তা জানতে চায় ছাত্রদল।
এ নিয়ে ছাত্রশিবিরের সাধারণ সম্পর্ক নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, শিবিরের ইফতার খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। সাদ্দাম বলেন, ছাত্রদল ধারণা নিয়ে বলেছে। আমরা বলেছি একদিনে তিন লাখ খরচ হয়েছে। আমরা যদি ৩০ দিন দেই তাহলে ৯০ লাখ টাকা খরচ হবে সেটা ধারণা। কিন্তু আমরা ৩০ দিনের ইফতার আদতে দিবো কি না সেটা তো, তারা জানেই না। তারা যা বলেছে কল্পনা করে বলেছে।
তারপরও এই ছাত্র সংগঠনের এই বিপুল পরিমাণ অর্থের খরচ কোথা থেকে আসে সেই প্রশ্নও ছিল ছাত্রশিবিরের এই নেতার কাছে। জবাবে সাদ্দাম বলেন, আমাদের সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়। ইচ্ছা করেই তারা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতিমাসে নিয়মিত 'এয়ানত'(দান) করে। এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়।
বিশাল অনুষ্ঠানে অর্থ কোথায় পায় এনসিপি?
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশের দিনেই ঢাকায় বিশাল সমাবেশ করেছে। সেখানে ঢাকার বিভিন্ন এলাকা ও জেলা শহর থেকে নেতা-কর্মীরা গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও এর খরচ নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ওইদিনই সংবাদ সম্মেলন বলেন, আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে।
তাহলে কারা এই অর্থ বরাদ্দ করছে যাদের নাম প্রকাশে দলটির আপত্তি রয়েছে? এমন প্রশ্নের জবাবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের দলে অনেক তরুণ পেশাজীবী আছেন, তারা ডোনেট করছেন। তাদের সাথে কানেকটেড অনেক শুভানুধ্যায়ী থাকেন। তাদের অনেকেও নতুন একটা উদ্যোগকে স্বাগত জানানোর জন্য কাজ করছেন বা ডোনেট করছেন।
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একই আদর্শে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন চালু করেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। গত কয়েকদিনে তাদেরকে বিভিন্ন ক্যাম্পাসে ইফতার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে।
ছাত্র সংগঠনটির আয়ের উৎস জানতে চাওয়া হলে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বচ্ছতা বজায় রাখার। আমরা তেমন কোন খরচও করি না। ইফতার যারা করেছি সবার নিজের টাকা দিয়ে করছি।
জাতীয় নাগরিক পার্টি বলছে, অন্য ব্যবসায়ীদের কাছে টাকা চাইবে না। বরং তারা দলের কার্যক্রম পরিচালনার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। যেটাকে বলা হয় 'ক্রাউড ফান্ডিং'।
যদিও এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই প্লাটফরমের রংপুরের এক নেতার এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
এর আগে, কুষ্টিয়ার কুমারখালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বাবার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ওঠে।
‘ক্ষমতার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি সংস্কৃতির পরিবর্তন হয়নি’
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করছে তাদের ছাত্র সংগঠনগুলো। যে কারণে গণঅভ্যুত্থানের পরও এই ক্ষেত্রে তেমন কোনো পরির্বতন লক্ষ্য করা যাচ্ছে না।
তাদের দাবি, এমন অবস্থায় পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো নতুন রাজনৈতিক দল বা তাদের আদর্শিক ছাত্র সংগঠনও একই পথ অনুসরণ করছে। এভাবে চললে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে কতখানি পরিবর্তন সম্ভব সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে রাজনীতিতে ইতিবাচক পরির্বতন আনতে আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনারও পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। [সূত্র: বিবিসি বাংলা]