জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা: নাহিদ ইসলাম
বুধবার ঢাকায় বাংলা একাডেমি ভবনে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলা একাডেমি ভবনে কবি শামসুর রহমান সেমিনার কক্ষে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর আয়োজনে আহম্মদ ফয়েজ-এর লেখা ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক।
উপদেষ্টা প্রকাশক ও প্রকাশনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বইটিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ণ করা হয়েছে।প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ তুলে ধরেছেন গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। এছাড়া, জাতীয় দৈনিকগুলোও ২৪-এর গণঅভ্যুত্থানকে তুলে ধরেছেন স্বমহিমায়। ২৫টি জাতীয় দৈনিক থেকে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে সংকলিত 'সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান' গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।