EN ☀️
×

Follow Us

রাজনীতি

বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জামায়াতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জামায়াতের
অ অ

বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে। সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার যে হুমকি দিয়েছেন, তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শামিল। এটি স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এ দেশের জনগণ অতীতেও ত্যাগের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে দেশের মানুষ ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে দেশটির কর্তৃপক্ষ জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক বজায় রাখতে এবং অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানি দেওয়া থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি চব্বিশের জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তরের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

অর্জুন সিংয়ের বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী উল্লেখ করে বিবৃতিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কূটনৈতিকভাবে এমন আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে।


আরও পড়ুন