ফাত্তাউল ইসলামের স্ট্যাটাসে নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া
ফরিদপুর বিএনপিতে বিভেদ ও ঐক্যের ডাক
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং গ্রুপিং নিরসনে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম। সম্প্রতি তাঁর দেওয়া ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে স্থানীয় ও প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
নিজের ফেসবুক পোস্টে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পাঁচ নেতার (সুপার ফাইভ) প্রতি প্রশ্ন রেখে ফাত্তাউল ইসলাম লেখেন, ‘‘ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির সুপার ফাইভে যারা আছেন, তারা সকলে মিলে কি একবারের জন্য তিনজন এমপিকে বুঝাতে পারবেন, সকলে একসাথে চলতে? না পারলেও চেষ্টা করতে দোষ কি?’’
তার এই আহ্বানের পর মন্তব্যের ঘরে দলের অভ্যন্তরীণ বিভাজন, পদ বাণিজ্য এবং নেতৃত্বের সংকট নিয়ে মন্তব্য করেন স্থানীয় নেতারা।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল মন্তব্য করেন, সুপার ফাইভের ভেতরে কোটায় পদ পাওয়া কিছু নেতা কখনোই চাইবেন না ফরিদপুরের রাজনীতি এক টেবিলে বসে পরিচালিত হোক। জাতীয় সংসদ নির্বাচনে তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন।
একই সুরে বিএনপি নেতা আরমান হোসেন মন্তব্য করেন, এখানে রাজনীতির চেয়ে ব্যক্তিগত ‘ইগো’ বা অহংবোধের সমস্যা বেশি প্রকট। অন্যদিকে, বিএনপি নেতা মো. কাউয়ুম মিয়া মহানগর সুপার ফাইভের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে মন্তব্য করেন।
দলীয় গ্রুপিংয়ের পেছনে ব্যক্তিগত স্বার্থকে দায়ী করেছেন সরকারি ইয়াসিন কলেজের সাবেক ভিপি রেজা। তিনি মন্তব্য করেন, কিছু নেতা নিজেদের স্বার্থে গ্রুপিং জিইয়ে রাখেন, কারণ সবাই এক হয়ে গেলে অনেকের ব্যক্তিগত সুবিধা বন্ধ হয়ে যাবে।
সমস্যার সমাধানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এক আসনের সংসদ সদস্য ও নেতাকর্মীরা যাতে অন্য আসনের রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারেন, সেই নির্দেশনা দিলে গ্রুপিং কমে আসবে। পাশাপাশি নেতাকর্মীদের কোনো ব্যক্তির অনুসারী না হয়ে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের কর্মী হওয়ার আহ্বান জানান তিনি।
উদীয়মান ছাত্রদল নেতা নীলয় রেজা চৌধুরী ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, তিন এমপি এক হলে অনেকেরই পাশে বসার জায়গা হবে না এবং ছবিও ভালো আসবে না; তাই তারা ঐক্য চান না।
এছাড়া অস্ট্রেলিয়া প্রবাসী শাহ হাসনাইন আমিন অভিযোগ করেন, ফরিদপুরের রাজনীতি বহিরাগতদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং অযোগ্য ব্যক্তিরা ‘সুপার ফাইভে’ স্থান পেয়েছেন।
তবে মো. মেহেদী হাসান নামের এক কর্মী ফাত্তাউল ইসলামের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, তিন এমপি ঐক্যবদ্ধ হলে দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত থাকবেন না এবং ফরিদপুর বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।
ফরিদপুরের সচেতন নাগরিকদের দাবি, সকল এমপি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসবে যা দলের জন্য ক্ষতিকর। রাজনৈতিক পরিবেশ ঠিক করতে না পারলে ভবিষ্যতে বিএনপিকে কে বড় ধরনের খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন সচেতন নাগরিকরা।