দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে
বাসে আগুন, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, ককটেল বিস্ফোরণ ও নাশকতার কোনো স্থান গণতন্ত্রে নেই
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নতুন করে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। রাজনৈতিক কর্মসূচির নামে শুরু হয়েছে জ্বালাও-পোড়াও আর নাশকতা। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষকে ভয় দেখানো যায়। সমাজে আতঙ্ক সৃষ্টি করা যায়। কিন্তু জনগণের আস্থা অর্জন করা যায় না। পৃথিবীর ইতিহাস বলে, যারাই নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের মতবাদ জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। জনগণ তাদের ঘৃণা করেছে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো মানুষই দমন-পীড়ন ও নিপীড়ন পছন্দ করে না, ঘৃণা করে।
রাজনীতি মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের জন্য। রাজনৈতিক দলের প্রধান কাজ হলো একটি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া। গণতন্ত্রে বহু রাজনৈতিক দল থাকবে। প্রত্যেক দল তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে। তাদের কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের কী কল্যাণ হবে, সেটা বোঝাবে। জনগণ যার কর্মসূচির প্রতি সমর্থন জানাবে, তাকে ভোট দেবে। সেই দল দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয়। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।
গণতন্ত্রে দাবি আদায়ের জন্য একমাত্র পথ হলো জনগণের সমর্থন। বাসে আগুন, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, ককটেল বিস্ফোরণ ও নাশকতার কোনো স্থান গণতন্ত্রে নেই। এসব যারা করে, তারা রাজনৈতিক দলের সমর্থক নয়, তাদের পরিচয় একটাই—তারা সন্ত্রাসী।
বাংলাদেশের মানুষ গত কিছুদিন ধরে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। নতুন করে বাংলাদেশে ফিরে এসেছে আগুন সন্ত্রাস, বোমাবাজি এবং মানুষ হত্যার রাজনীতি।
গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও আছে। সংসদ সদস্যের বাড়ি, রাজনৈতিক নেতৃবৃন্দের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যেসব জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলো হলো গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী।
জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার ১৯১৯ সালে তাঁর ‘পলিটিকস অ্যাজ আ ভোকেশন’ প্রবন্ধে রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যেখানে রাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা কিংবা সন্ত্রাসের আশ্রয় নিলে তা রাষ্ট্রের কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। আধুনিক উদারনৈতিক রাষ্ট্রব্যবস্থায় তাই রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে বেসরকারি বা গোষ্ঠীগত সন্ত্রাসের কোনো বৈধতা নেই।
বাংলাদেশে আজ এ রকম একটি পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক দাবি আদায়ের জন্য কোনো কোনো মহল দেশের সম্পদ ধ্বংস করছে, জনগণের জানমালের ক্ষতি করছে। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এটা সন্ত্রাসী তৎপরতা। এর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। এরই মধ্যে এসব নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে কর্মসূচি দিয়েছে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে। লালমনিরহাটের জনসভায়ও আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।
তবে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস প্রতিরোধে যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের পাতানো ফাঁদে যেন গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো পা না দেয়, তা লক্ষ্য রাখতে হবে। যারা এখন সন্ত্রাস করছে, যেখানে-সেখানে আগুন দিচ্ছে, তাদের অন্যতম লক্ষ্য হলো সংসদে যেসব রাজনৈতিক দল আছে, তাদের রাজপথে নামিয়ে আনা। তারাও যেন পাল্টা আঘাত হানে, সে জন্য তাদের প্রলুব্ধ করা এবং উসকানি দেওয়া। এতে রাজনীতির নামে নাশকতা সৃষ্টিকারী এবং গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো একাকার হয়ে যাবে। পাল্টাপাল্টি হামলা ও সন্ত্রাসের ঘটনায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই নৈরাজ্য সৃষ্টিকারীদের উসকানিতে উত্তেজিত হলে চলবে না। বরং জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
আশার কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় সংসদে তিনি ঐক্যবদ্ধ হয়ে এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। এরপরই তিনি জাতীয় সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর ঐক্যের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করছেন। প্রধানমন্ত্রী আবারও দেশের বিভিন্ন প্রান্তে সফর করছেন। লালমনিরহাটের জনসভায় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ।
সন্ত্রাস নয়, জনগণই ক্ষমতার উৎস। সন্ত্রাস প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী উপায় হলো জনগণের ঐক্য। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বোঝাতে হবে, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস রাজনীতি নয়। রাজনীতির নামে যারা এসব করে, তারা জনগণের শত্রু, দেশের শত্রু। এটা যদি জনগণের কাছে পরিষ্কার করা যায়, তাহলে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিতে পারবে না। বাংলাদেশের জনগণই এই দেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গণতন্ত্র ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।
