মাশরাফি নিয়মিত পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান: রাশেদ খাঁন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পাঠান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তাঁর দাবি, সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ সহিংসতার ঘটনাও ঘটিয়েছেন মাশরাফি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে ভাঙচুর চালানোর পর থেকে তাঁর মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের প্রতিশোধ নিতে তিনি অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ।
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেওয়ার অভিযোগ নিয়েও পোস্টে কথা বলেন তিনি। রাশেদ খাঁন লেখেন, মাশরাফি যদি নিরপরাধ হন, তাহলে তাঁর নিজেরই এ বিষয়ে বক্তব্য দেওয়া উচিত।
পোস্টে মাশরাফির বাবা ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ। একই সঙ্গে মাশরাফির রাজনৈতিক অবস্থান ও আওয়ামী লীগ সরকারের প্রতি তাঁর সমর্থন নিয়েও সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:
নড়াইলের পলাতক আ. লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যায় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।
তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দু'জন নেতাকে হত্যার নির্দেশনা দেয় নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিই নি! কেনো বলছে না? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলো।
মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আ.লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এবছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার? মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে...!