EN ☀️
×

Follow Us

রাজনীতি

অস্ট্রেলিয়ায় মতবিনিময় সভা

রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান শফিকুর রহমানের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান শফিকুর রহমানের

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান।

অ অ

প্রবাসে থেকেও ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রেখে বসবাসকারী দেশ এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টায় ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাঁকে ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে যে দেশে বসবাস করছেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিজ দেশের উন্নয়নেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে। 

প্রবাসীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা কীভাবে দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারের কাজে কার্যকরভাবে লাগাতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতারা ও প্রবাসী বাংলাদেশিরাও সভায় অংশ নেন।

আরও পড়ুন