সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে: রিজভী
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা তার মতো আচরণ করতে পারি না। আমরা একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যাতে ভবিষ্যতে আর কোনো দিন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না হয়।’
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, শেখ হাসিনার মতো গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমন করতে হবে—এমন বিশ্বাস তারেক রহমানের সরকারের নেই।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতন্ত্রবিরোধী শক্তি নানা উপায়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ছাত্র-জনতার তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি বিদেশে অবস্থান করেও দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছেন। তাঁর বিপুল অর্থসম্পদ রয়েছে, যার একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশের ভেতরেও তাঁর অনেক অর্থ রয়েছে। তাঁর অনুসারীদের অনেকে এখনো দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন।
রিজভীর অভিযোগ, সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে মানুষের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে।
স্মরণসভায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই নানা আন্দোলন-সংগ্রাম, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন গড়ে উঠেছিল। ধাপে ধাপে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে প্রতিষ্ঠিত হন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতিকেই নিজের পেশা ও আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, তরিকুল ইসলামের নেতৃত্বে অসাধারণ প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যেত। তিনি ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। জাতীয় রাজনীতিতে মাওলানা ভাসানীর শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। আজীবন কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে কাজ করেছেন তিনি।
রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তরিকুল ইসলাম। দলের বিভিন্ন সংকটময় সময়ে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।