স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: শফিকুর রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ অভিযানে অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই ২১ নভেম্বর মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে গৌরবোজ্জ্বল স্মারক।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে পারে।
বিবৃতির শেষাংশে মহান আল্লাহর কাছে বাংলাদেশকে সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষার দোয়া করেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন তিনি।
