EN ☀️
×

Follow Us

রাজনীতি

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে ছাড় দেওয়া হবে না: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে ছাড় দেওয়া হবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অ অ

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পরাজিত শক্তি’কে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অগণতান্ত্রিক বা অমানবিক পথে নয়, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। পরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িত। 

তিনি বলেন, ‘প্রথম থেকেই আমরা ধৈর্যের সঙ্গে বিষয়গুলো দেখছিলাম। কিন্তু তাদের কর্মকাণ্ড ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।’

বিএনপির এই নেতা দাবি করেন, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, এমন ব্যক্তিরাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাভোগী ব্যক্তি গোপালগঞ্জকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না।

তিনি বলেন, সেখানে বিএনপির নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।

সাবেক এক জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। 

রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

আরও পড়ুন